
RUPER AYNA
রূপের আয়না ধরছে বায়না লজ্জায় ফালি ফালি,
সিন্দুক গয়না জাদুর ময়না খাঁচা খালি খালি।
...লীলাবালি।
নিশ্চয় রাঙা ঠোঁটখান তাহার পরানের গান গায়,
ঘরবাড়ি সব সাফ করলে কুটুম কাছে যায়।
...লীলাবালি।
আসমান জুইড়া তখন দেখি চান্দের আলো ভাসে,
জোছনার বানে নদীর বুকখান ফকফকাইয়া হাসে।
...লীলাবালি।
আত্মীয়দের চক্ষুলজ্জা রাজকুমারীর কানে,
সখী সবাই কোমর বাইন্ধা একই সাথে টানে।
...লীলাবালি।
২২ অক্টোবর ২০০৮, ঢাকা।
রূপের আয়না ধরছে বায়না লজ্জায় ফালি ফালি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ১১ অক্টোবর ২০১৪, ঢাকা।

RAJNEETI
রাজনীতি বুঝি কম; যেটুকু বুঝি
সেই প্রেম প্রেম খেলাধুলা ভাঙাচোরা রোদে ¯œান
তোমার টান; কেন ডান-বাম।
থাকা না থাকার বেসামাল ভোঁতা আশ্বাস
করে বসবাস।
উত্তরে মূল কথা ভুল কথা সবটাই দরজায় চোট;
কাঁপে দুই ঠোঁট।
নিরাকার আকারের জলছবি সাথে অজুহাত
করে সাক্ষাৎ।
যত দূর তত দূর একধাপ মাত্র নিষিদ্ধ চাল
বাকিটুকু কাল।
৩০ জুন ২০১৩, ঢাকা।
রাজনীতি বুঝি কম; যেটুকু বুঝি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নবনীতা চৌধুরী। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০১ অক্টোবর ২০১৩, ঢাকা।

RONG CHOTA DEWALE
রংচটা দেয়ালে, কী জানি কী খেয়ালে
চেয়ে আছে সেই বোকা, খেয়ে ধোঁকা।
স্বভাব যেমন পুষছে বুকে
ঘুরছে মাথায় নাকি প্রেমের পোকা।
শুধু শুধু নীল হয়ে কেন সুখ পোষা,
যা পেয়েছি তা নাকি প্রেমেরই খোসা।
কোষাগার লুট করে ভদ্রতা যেমন পালায়
চাকরির অজুহাতে ইচ্ছেটা তেমন চালায়।
বেতনের দাবি নিয়ে ঘড়ির কাঁটাটা ছুঁয়ে ঘোরে,
যদিও বুঝতে পারে ঘুড্ডিটা উড়ছে দূরে।
ঢং করা কারণে, কী জানি কী বারণে
থেমে আছে সেই বোকা, খেয়ে ধোঁকা।
উৎসাহ ভরসাতে অধিকার শব্দ খোঁজা,
ভিখারির অভিনয়ে সামান্য মাথাটা গোঁজা।
এভাবেই নিয়তিকে দখলে নিয়ে দেবদাস
গরজের তালিকায় মুছে যাওয়া শব্দটা ফাঁস।
কল্পনা ধকলে, মেতেছিল সকলে
অল্পতে গন্ধ শোঁকা, অন্ধ খোকা।
১৬ এপ্রিল ২০১০, ঢাকা।
রংচটা দেয়ালে, কী জানি কী খেয়ালে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রূপম। সংগীতায়োজন: সাদউল ইসলাম কণ্ঠধারণ: ০৯ জানুয়ারি ২০১৪, ঢাকা

RATRI KROMOSHO
রাত্রি ক্রমশ গভীর হলো
চোখের পুকুর টলোমলো।
ইচ্ছেগুলোর ফাঁসি
এক পা দু’পা নতুন পোশাক-হাসি।
বন্ধ খামের মুখটা খোলা
শক্ত লোহা, হালকা শোলা।
মধুর রেখায় অন্ধকারের টান,
বেসুরো হয় গান।
বিপজ্জনক শিল্পকলা
এগিয়ে যাওয়ার কথা বলা।
তোমার কাঁধে আকাশজুড়ে ঘর
লাগছে তবু সব পর।
৮ জানুয়ারি ২০১১, ঢাকা।
রাত্রি ক্রমশ গভীর হলো। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: দিলশাদ নাহার কনা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০৩ জানুয়ারি ২০১৪, ঢাকা।

RASTA JAMER
রাস্তা জ্যামের ভেতর বসে উড়ছে খেয়াল ধোঁয়া
হচ্ছে মনে গেল বুঝি মনটা আমার খোয়া।
অনেক দূরে দেখতে পেলাম একটু চেনা উঁকি,
হাসিমুখে তখন নিলাম একশত ভাগ ঝুঁকি।
ঝুঁকির ধরন বুঝতে গেলে হায়,
সবার আগে মুখের হাসি যায়।
জট পাকানো মানচিত্রে সরলতার নদী,
শান্ত মনে শিশুর মতন বুঝতে পারে যদি।
সারি সারি কাঠামোতে বারান্দাটা ঝোলে,
সমস্যাটা খুঁজতে হলো একটুখানি মূলে।
অনেক দূরে কিংবা কাছে ঝোড়ো হাওয়ার ডাক,
পরিস্থিতি উড়তে উড়তে পাচ্ছে খুঁজে ফাঁক।
১৮ মে ২০০৭, ঢাকা।
রাস্তা জ্যামের ভেতর বসে উড়ছে খেয়াল ধোঁয়া। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: লাবিক কামাল (গৌরব)। সংগীতায়োজন: লাবিক কামাল (গৌরব)। কণ্ঠধারণ: ৫ মে ২০১৪, ঢাকা।