
NOSHTO HOWA BASTOBOTA
নষ্ট হওয়া বাস্তবতা কষ্ট পেয়ে ঝরে গেল
ঝরাপাতা শুকনো চিঠি চিরঘুমের ফুল
পাচ্ছে না তো কূল।
জীবন নামের ছয়টা মানে পাঁচটা অচেনা
একটা যেটা ধারেকাছে অল্প দামে কেনা।
নিরুদ্দেশের অসংখ্য চোখ দেখছে অংশবিশেষ,
হাততালিতে বেশ।
আত্মকথায় নাড়া দিল, আগুন নামের গুণ
অনায়াসে যোগাযোগের চেষ্টাগুলো খুন।
নিমন্ত্রণের কথা ভেবে লিখছে অংশবিশেষ,
ভালো আছি বেশ।
২৮ এপ্রিল ২০১৩, ঢাকা।
নষ্ট হওয়া বাস্তবতা কষ্ট পেয়ে ঝরে গেল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নওশেন জাহান দুনিয়া।সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ৩০ জুন ২০১৩, ঢাকা।

NISSHASHER NAMTA
নিশ্বাসের নামতা পড়ে,
বিশ্বাস গেল বাড়ি।
দেহবিশেষ পুরাণ সন্ধি হলো ছাড়াছাড়ি।
কার্তিক মাসের পয়লা দিনে,
দর্শনার্থী কয়জন চিনে!
আপন ধাঁচে স্মরণ করে,
বটবৃক্ষের পাতা ঝরে।
নানান ভঙ্গি চমৎকারে
বাঁধল শিকল কে যে কারে!
তিরোধানের শুকনা দিবস,
নদীর চোখে ছানি।
ভক্তকুলের পিপাসাতে কিসের টানাটানি।
জমায়েতের কৃষ্ণচূড়া
রংটা কেন গুঁড়া গুঁড়া!
মোমের পুতুল জ্বলে গলে, চাবি ছাড়াই গাড়ি চলে
নানান ভঙ্গি চমৎকারে
বাঁধল শিকল কে যে কারে!
১৭ অক্টোবর ২০১৩, ঢাকা।
নিশ্বাসের নামতা পড়ে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: প্রমা। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠধারণ: ২৮ মে ২০১৪, ঢাকা।

NIJOSSHOTAR SATHE
নিজস্বতার সাথে জোড়াতালি কিছুটা সেলাই,
অগোছালো মূর্তির ছায়াটার সাথে মেলাই।
পরিহাস, তুই হাস অন্ধ বুকের কাছে হাহাকার।
কাড়াকাড়ি শব্দটা অভিধান পাতা থেকে
মুছে গিয়ে অবাধ্য সংসার!
কয়টা পর্ব গেলে জমবে নাটক অপেক্ষা দাঁড়িয়ে থাকে।
মগ্ন মেঘের মনে চিঠি লেখা উৎসব সেরে নিল তারই ফাঁকে।
সামান্য চেষ্টাতে তোলপাড় হয়ে গেল সবকিছু ভেঙে চুরমার।
তপস্যা কোন দিকে, কোন দিকে জ্বালাতন অপেক্ষা কিসের টানে,
অল্প অল্প করে জাল বুনে দুঃখ সংঘাত সবই জানে।
সান্তনা অনুরোধে চিন্তায় ডুবে গেল করল না কেউ আর পারাপার।
২০১১, ঢাকা।
নিজস্বতার সাথে জোড়াতালি কিছুটা সেলাই। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রূমানা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৮ মে ২০১৪, ঢাকা।

NIYOMITO SHONGHATE
নিয়মিত সংঘাতে ক্ষয়ে যায় রঙিন পাতা
তাই লেখাপড়া করে না খাতা।
আক্রমণের চোখ অবসাদ মুহূর্ত করছে মানা,
তাই নতুন কোনো ভুল পাখি হয়ে মেলছে ডানা।
দ্বিধার কষ্ট দেখে সরাসরি ধুলোবালি দরজা খুলে
পূর্বাভাসের পর ঝোড়ো হাওয়া মনটা একটু দুলে।
সাবলীল তুমি তাই রাগভরা বাতাসের সঙ্গী,
সহ্যতে পাশ করা ঘুমন্ত একঘেয়ে ভঙ্গি।
আপসের গল্পতে সয়ে যায় আপসের শোক,
তাই সেখানেই শেষ কথা হোক।
সান্তনা রসিকতা বাড়াবাড়ি পরিমাপ হাসছে দেখে,
হাহাকার সত্ত্বেও দাঁড়িয়েছে সোজা হয়ে রংটা মেখে।
পরিহাস প্রিয়মুখ তুমি কেন যাচ্ছ চলে,
অন্তত শেষ কথা সামান্য যাও না বলে।
২৮ মে ২০১৩, ঢাকা।
নিয়মিত সংঘাতে ক্ষয়ে যায় রঙিন পাতা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শম্পা রেজা। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ০১ আগস্ট ২০১৩, ঢাকা।

NUPUE NUPURE HALKA JUDDHO
নূপুরে নূপুরে হালকা যুদ্ধ নাচছে সবার প্রাণ,
বলার চেষ্টা ভীষণ তেষ্টা কাহিনিতে টান।
কেন এমন ভান, ধকল নকল গান!
যোগসূত্রের পুত্র-কন্যা তোমার বাড়ির পাশে,
ধূমকেতু এক বাস্তবতায় হঠাৎ বনবাসে।
কেন এমন ভান, নকল ধকল গান
ঠুনকো ঘরের স্বচ্ছ দেয়াল খেয়াল কবির মন,
ছন্দপতন কিসের কারণ ভাবছে সারাক্ষণ।
কেন এমন ভান, নকল ধকল গান!
১৭ ডিসেম্বর ২০১১, ঢাকা।
নূপুরে নূপুরে হালকা যুদ্ধ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মৈত্রী ইসলাম। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ২ অক্টোবর ২০১২, ঢাকা।