
BATI NEVAR ONEK PORTE
বাতি নেভার অনেক পরে
আন্ধার ঘরের বাক্স খুলে যায়,
আড়ালকথা সুখের মাথা খায়।
মাশুল দিল পরের দোষে রায়।
শূন্য চোখে দিচ্ছে জবাব সংখ্যা গুনে গুনে
ঢঙের গল্প আগলে রাখে ভীষণ টেনেটুনে,
আহ্লাদে সুখের মাথা খায়।
যাত্রাপথের দুর্ঘটনা বর্ণনাতে ফাঁকা,
কাদামাটির নরম রাস্তা মুচকি হাসে চাকা।
ইশারাতে উঁকি দিয়ে সাহসে বুক বাঁধে
চারাগাছের কচিপাতা বসল তখন কাঁধে,
সাকিন জানা পাকা চুলের বন্ধু পথচারী
পরম প্রিয় বিষয় নিয়ে করছে মারামারি।
আদরিণীর আকর্ষণে করছে খবরদারি।
১০ মার্চ ২০১৩, ঢাকা।
বাতি নেভার অনেক পরে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নওশেন জাহান দুনিয়া। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০৬ সেপ্টেম্বর ২০১৩, ঢাকা।

BISHODHOR SHAAP
বিষধর সাপ চাকরি দিল চেনা ওঝাকে,
হুট করে ভয় নামিয়ে দিল মনের বোঝাকে;
সূত্রপাতের কা- দেখে গল্প হলো বোকা
ফুলদানিতে পানি দিয়ে হচ্ছে গন্ধ শোঁকা।
গাছের ডালে ঝুলে থাকে রং-বেরঙের ফুল
কাগজ দিয়ে বানানো তাই ইচ্ছে বানান ভুল!
অধিকারের আকার নিয়ে ঝগড়া যখন শুরু
বাজানো ঢোল আস্তে বাজে চামড়া তব পুরু!
মনে বোঝার আকার-প্রকার বায়বীয় দেখা
কালো রঙের আকাশে তাই ছোট্ট আলোর রেখা।
পুরোনো সব প্রশ্নজুড়ে মরচে ধরা জামা
পারিবারিক অনুরোধে একটা পয়সা কামা।
টাকার গরম আসল গরম পকেটজুড়ে ঘাম
মনের ভিতর আরেকটা মন বলছে এবার থাম।
২৩ ফেব্রুয়ারি ২০১৪, ঢাকা।
বিষধর সাপ চাকরি দিল চেনা ওঝাকে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: অটমনাল মুন। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠধারণ: ২০ মে ২০১৪, ঢাকা।

BARANDA URE GELO
বারান্দা উড়ে গেল হতাশ জানালা তাই
চোখ বুজে পড়ে আছে দরজা খুলে!
আকাশজুড়ে তাই নিভে যাওয়া তারারা ঝোলে।
‘তুমি’ নামের আজব শব্দটা মুছে দিল কে?
অঙ্কটা হাঁটাহাঁটি পায়চারি থামিয়ে দিল কে?
অনুভূতি বাড়িটার নিভু নিভু আলো জ্বেলে একটা ঠ্যালা,
ধুলোবালি জমেছিল অভিধানে হয়তো অনেক ম্যালা।
কিন্তু তোমার দাম খুচরো পয়সা ভেবে উড়িয়ে দিল
বসবাস সামলিয়ে অভিনয় কথাটাও সঙ্গে দিল
রাধার কানে কেনো কৃষ্ণ এসে কিছু গল্প বলে,
রোমিও তখন জুলিয়েট নামটাও বলছে ছলে।
শিরির কোলের কাছে ফরহাদ ঘুমিয়ে স্বপ্ন দেখে
চ-িদাসের কালি রজকিনী কলমে চিঠিটা লেখে।
৫ এপ্রিল ২০১৪, ঢাকা।
বারান্দা উড়ে গেল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: অটমনাল মুন। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠধারণ: ১৮ মে ২০১৪, ঢাকা।

BOHURUPI CHUPI CHUPI

BARE BARE GHURE
বারেবারে ঘুরেফিরে আয়নাতে মুখ দেখি
বিশ্লেষণে পরখ করে লাগছে কেন মেকি।
হচ্ছে মনে নিজের কাছে নিজেই অচেনা
বলছ তুমি খুব সহজে যাচ্ছে আমায় কেনা।
পরিস্থিতির ধরন দেখে হলাম আমি অবাক
ভাবছি এবার নতুন করে সবার কাছে হব সবাক।
কোনটা বোকা [আর] সুযোগ বুঝে কোনটা চালাকি,
অপেক্ষাতে থাকতে হুকুম সময় ভুলে থাকি।
যাচ্ছ কেন কোথায় যাবে কৈফিয়তের সুর
হাজার মাইল মনে হলে একটু সামান্য দূর।
আমার আমি আদেশ দেব এটাই স্বাভাবিক
সঙ্গে কখন হারিয়ে গেলাম মস্ত মরুভূমি
এদিক-ওদিক দুইটা পাশে হাসছ শুধু তুমি।
৩০ জুন ২০১৩, ঢাকা।
বারেবারে ঘুরেফিরে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: তাপস। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। ঢাকা।

BONDHUR TAAN
বন্ধুর টান কিছু মুক্তি, কিছু যুক্তির খেলা
বন্ধুর টান শক্ত-নরম আবেগের যত ঠ্যালা।
এখন বন্ধু বলে দাও তুমি মন খারাপের কারণ,
অথবা বলো তো আড়াল থেকে করছে কে কে বারণ।
কিছু উল্লাস কিছু দুঃখ সমীকরণের সম্বল,
কাঠফাটা রোদে উপহার দিল পশমে জড়ানো কম্বল।
প্রশ্নের পাখি আড্ডার ফাঁকে উড়ছে আকাশে চিল,
বিনা কারণে বিচার বসিয়ে ছুড়ছে আস্ত ঢিল।
আসল বন্ধু, নকল বন্ধু মধ্যেখানের ফাঁক,
স্বচ্ছ-সরল মানুষ কখনো করছে না রাখঢাক।
কিছু বিজ্ঞান কিছু সাধারণ আসলে সবটা ধারণা,
এখন দেখছি সবাই একলা বন্ধু কেউ তো কারো না।
২০ জুলাই ২০১২, ঢাকা।
বন্ধুর টান কিছু মুক্তি, কিছু যুক্তির খেলা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মাহাদী। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২০ জুলাই ২০১৩, ঢাকা।

BONDHU TODER
বন্ধু তোদের মুখগুলো সব লাগছে অচেনা
জানাসনি কেউ বুঝতে পারি, চলছে বেচাকেনা।
বন্ধু তোদের সেসব দিনের অন্তরঙ্গ চাওয়া,
অজুহাতের তালিকাটা পকেট থেকে হাওয়া।
বন্ধু তোদের আদর্শ আর চেতনা কি ক্ষয়?
যখন-তখন সুবিধাতে মিথ্যে কথা কয়।
বন্ধু তোদের হিসাব-নিকাশ লাগছে এখন অন্য
পরিচয়ের মিষ্টি সময় নষ্ট কিসের জন্য।
বন্ধু তোদের প্রশ্ন শুনে লাগছে এখন চমক,
সেকেলে তাই হচ্ছে মনে সুযোগ পেয়ে ধমক
বন্ধু তোরা একটুখানি পেছন দিকে তাকা,
ব্যস্ততাতে ইচ্ছে হলে স্মৃতির ধুলো মাখা।
৩০ জুন ২০১৩, ঢাকা।
বন্ধু তোদের মুখগুলো সব লাগছে অচেনা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৫ আগস্ট ২০১৩, ঢাকা।

BARANDATE RODH PORECHE
বারান্দাতে রোদ পড়েছে একলা কাঠের চেয়ার,
দুরবিনে চোখ, দেখব তাকে,
বসবে কি হায় সে আর।
কানামাছি খেলার ছলে অন্ধকারের কবি,
আকাশজুড়ে তাকিয়ে থাকা জন্মদাতার ছবি।
অভিমানের মুখোশ ছিল, ছিল আড়াল ফাঁক,
তখন বোধ হয় মুখোশ ছিল, ছিল আড়াল ফাঁক
যে কারণে পাইনি খুঁজে চেনা বুকের ডাক।
ছায়াপথের অলিগলি দরজা খোলার ভাষা,
মন্দ-ভালোর সমীকরণ ছন্দ সর্বনাশা!
যখন কোনো সুযোগ থাকে কল্পনাতে ভুল,
ঠিক সেখানে ফুটিয়ে দিল বিষ মাখানো হুল।
মুখরোচক সান্ত্বনাতে শিশুকালের ঘর
দেয় না কেন স্বচ্ছ করে কোনটা আপন-পর।
৩০ জুন ২০১৩, ঢাকা।
বারান্দাতে রোদ পড়েছে একলা কাঠের চেয়ার। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন।সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১৩ জুলাই ২০১৩, ঢাকা।

BORSHAR GOLPOTE
বর্ষার গল্পতে তোর চোখে কেন জল
বল বল সবটুকু বল না রে খুলে বল।
উপন্যাসের ভূমিকায়,
আয় আয়, দ্বিধা ফেলে কাছে আয়।
কার কাছে কত ঋণ;
কাহিনিতে লেখা এলোমেলো শত দিন।
ধূসর কাগজ অভিমানে, নীল চিঠি হয়ে উড়ে যায়
বন্ধ খামের বিছানায়।
বায়নাতে উঠে দাম
অলিগলি ঘুরে প্রতিবেশী ধুমধাম।
কানামাছির অভিযানে, শুকনো নদীর কিনারায়
বন্ধ চোখের ইশারায়।
১৪ মার্চ ২০০৯, ঢাকা।
বর্ষার গল্পতে তোর চোখে কেন জল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শমনুর মনির কোনাল। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০৯ ফেব্র“য়ারি ২০১৪, ঢাকা।

BHUL BHUJE HAAR
ভুল বুঝে হার, লাভ না ক্ষতি,
সূক্ষ¥ হিসাব, লাভ না ক্ষতি।
পাহাড়সমান অভিমানের ব্যাখ্যা নাচে কার তালে
জমাট বাঁধা দীর্ঘ যে শ্বাস শুনতে পাব কোনকালে!
অনুকূলে যতটুকু হয় রেষারেষি,
সার্থক ভরসাতে কম কিংবা বেশি।
জ্বালাতন বিরোধের উপসংহার,
আপসের পোষা ঢেউ ওঠে বারবার।
চাইছে প্রমাণ ভেঙে খান খান সমান সমান বিদ্বেষ,
কথায় কথায় বাড়ছে কথা ইঙ্গিতে নেই শেষ।
অনুমান কারচুপি কার আয়োজন
দর্শন পরিবারে সঙ্গী কত মন।
জ্বলেপুড়ে কয়লা হয়েছে কী হাল
দিবসের যুক্তিতে রাত গতকাল।
চাইছে প্রমাণ ভেঙে খান খান সমান সমান বিদ্বেষ,
কথায় কথায় বাড়ছে কথা ইঙ্গিতে নেই শেষ।
১০ মে ২০১৩, ঢাকা।
ভুল বুঝে হার। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: সৌমেন্দ্র দাশ। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ২৭ সেপ্টেম্বর ২০১৩, ঢাকা।