
ABHASH ONEK
রাজ্য খোঁজার অভিযানে হাসছে ইতিহাস
রাজকন্যা ভুলো মনে করল কেন ফাঁস।
তাই দ্বিধার ভেতর আরো দ্বিধা কাটছে না তো ঘোর,
হারানো রাত নির্বাসনে কুড়িয়ে পাওয়া ভোর।
আভাস অনেক হালকা হলেও গাঢ় ছিল চাউনি
আকাশ যেমন নিজের কাছে নিজের মতো ছাউনি।
আঘাত অনেক তীব্র হলেও হালকা বশীকরণ,
অন্তঃপুরের একটু দূরে নিরুদ্দেশের ধরন।
প্রশংসাতে ঝরছে চোখের লুকিয়ে রাখা জল
অনেক গভীর আরো গভীর কৌতূহলের ফল।
তাই মিথ্যে কথার মিথ্যে জালে আটকে থাকা ঘর
নতুন করে রাজ্য খোঁজা, কী হলো তারপর!
১৭ মে ২০১৩, ঢাকা।
আভাস অনেক হালকা হলেও গাঢ় ছিল চাউনি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: ফাহমিদা নবী। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ১৭ জুলাই ২০১৩, ঢাকা।

ABCHA CHAYA
আবছা ছায়া তোমার সাথে আড়ি
আমি যাব না তো, যাব না তোমার বাড়ি।
না দেখাটাই আসল দেখা যতই লাগুক একা একা
অভিজ্ঞতায় নাই-বা থাকুক এটাই আমার শেখা।
মধ্যেখানের দাঁড়িয়ে থাকা করছে সর্বনাশ,
দরজা খোলা দুইটা পাশে দেখছে বসবাস।
পদ্ধতিটা তোমার কাছে হতে পারে সেরা
আমার কাছে হচ্ছে মনে মস্ত প্রাচীরঘেরা।
০৭ জুন ২০১৩, ঢাকা।
আবছা ছায়া তোমার সাথে আড়ি। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মিলন মাহমুদ। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ০৯ অক্টোবর ২০১৩, ঢাকা।

AAMAR HAATE KHORI
আমার হাতেখড়ি হাতঘড়ি তোমার সুচে সুতা,
ষড়ঋতুর লাইন ভেঙে দিচ্ছ কেন গুঁতা!
ধ্যানের ভেতর একটু-আধটু কাঁপুনি দেয় জ্বর,
অন্যদিকের তালে-গোলে হারায় নিজের ঘর।
সঙ্গদোষে মাথা নেড়ে হাজার মানে খোঁজে,
স্বার্থপরের গদ্যপদ্য পড়ে দুইটা চোখই বোজে।
প্রশ্ন যখন হাতে ক্যানো নষ্ট ঘড়ির কাঁটা,
পূর্বপুরুষ বাক্সটাতে ভাগ্য নাকি আঁটা!
রাস্তা পিঠে মোড়ের গিঁটে আত্মীয়তায় ভুল,
সমস্যাটার সমাধানে এলোকেশীর চুল!
ইতিহাসের পরিধিতে ধর্ম যখন রাজা
কার অধীনে কে যে থাকে রক্ত-হাতের সাজা!
উপভোগের মাত্রা বুঝে চেষ্টা যখন রত,
ক্ষমতাধর চিতার পাশেই জীবিত সব ক্ষত!
অপরাধের অনিদ্রাতে ব্যক্তিগত হাসি,
শত্রু-মিত্র অবচেতন হয় না কারো ফাঁসি,
লড়াই শেষে পুলকিত হাতঘড়িটা কাঁদে,
নড়াচড়ায় কেউ নড়ে না সময় কাটে ফাঁদে!
১২ জুলাই ২০১৪, ঢাকা।
আমার হাতেখড়ি হাতঘড়ি তোমার সুচে সুতা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: বাবলা খান। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠধারণ: ১৬ জুলাই ২০১৪, ঢাকা।

ACHOMKA JIGYASHA
আচমকা জিজ্ঞাসা, যাচ্ছ কোথায়?
তোমার বাড়িটা আমি খুঁজব কোথায়
একেকটা খোলা ছাদ এলোমেলো মেঘ
লুকোচুরি করে চাঁদ খুঁজব কোথায়?
বইগুলো দাঁড়িয়ে একলা ঘরে
বৃথা হয় লেখাপড়া হালকা জ্বরে
ওষুধের তালিকায় তোমার দুচোখ
ফলাফল সামনে হোক বা না হোক
ঘটে যায় ঘটনাটা সুযোগের ছল
কী কারণে বুকজুড়ে অকারণ জল
উপচে পড়েছে কোলে চেনা ঝোড়ো হাওয়া
বোঝাপড়া সেখানেই না পাওয়াটা পাওয়া।
খুচরো যে ছবি ছিল কয়েকটা ভাঁজ
মনে হয় সেটাকেই বড় এক কাজ।
জোড়া দেয়া ছাদটুকু বৃষ্টির দাম
তুমি খোঁজো বারবার ভুলে যাওয়া নাম।
৩০ জুন ২০১৩, ঢাকা।
আচমকা জিজ্ঞাসা, যাচ্ছ কোথায়। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ১২ জুলাই ২০১৩, ঢাকা।

AARALER KAAN
আড়ালের কান শুনে নিল সব কথা, ওলট-পালট হলো রাতটা,
কী করে যে দিন গেল সাতটা।
ভেসে যাওয়া ময়লা পুড়ে সব কয়লা।
জানাজানি বন্ধুর বাড়িটায় রান্নায় গোলমাল হাঁড়িটায়।
কয়েকটা চোখ খুঁজে আত্মীয় লেজ,
কয়েকটা চোখ দেখে বংশের তেজ!
শিকারির বন্দুক ফাঁকা কোল, এলোমেলো বৈঠক বাজে ঢোল।
সমাবেশে ঢং টানাটানি হয় যত, জটলায় খোঁজ ভুলে যা তোর ক্ষত।
৩০ জুন ২০১৩, ঢাকা।
আড়ালের কান শুনে নিল সব কথা, ওলট-পালট হলো। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: রেজাউল করিম লিমন।সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২২ জুলাই ২০১৩, ঢাকা।

ATO HISHEBI MON
এত হিসেবি মন, তুই একটা অনুরোধ শোন
যে আত্মীয় পোশাকে ছায়া হবে সারাক্ষণ।
পোড়খাওয়া কপালের মুছে যাওয়া দাগটা খোঁজা,
পড়শির দুই চোখ অহেতুক আয়েশে বোজা।
জাদুকর জাদু জানে আমি জানি না,
জোর করে হাতেখড়ি তাই মানি না।
অবাক হওয়ার পর বয়সের হিসাব-নিকাশ,
আসলে রহস্য অনেক আগেই বলি শেষ।
আমি থাকি তুমি থাকো বারবার ভয়,
অন্তত সেটা বুঝে কোনো কথা নয়।
পুড়ে যাওয়া রাশিফল অনুমান অঙ্ক করা
আসল বসন্তে কারণের বারণ ঝরা।
১৬ মে ২০১৩, ঢাকা।
এত হিসেবি মন, তুই একটা অনুরোধ শোন। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শায়েখউদ্দীন (শান)। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ২৫ আগস্ট ২০১৩, ঢাকা।

APATOTO THAK
আপাতত থাক মাঝখানে সামান্য ফাঁক
পরিমাণ মাপজোখ সন্দেহ জাল কত হাঁকডাক
আপাতত থাক, মাঝখানে ফাঁক।
সহনীয় যত দূর চেষ্টাতে আশা
চোখ দুটো খুললেই প্রতিবেশী বাসা
উড়ছে আঁচল ছুঁয়ে চেনা সীমারেখা, মুখোমুখি দেখা।
আপাতত থাক, মাঝখানে ফাঁক।
বর্ণনা যত রং ততটাই দূর
মূর্তির হাসিমুখ মিলিয়েছে সুর
খুঁজবে কে কষ্টের কতটুকু চাপ, সামনে যে ধাপ।
আপাতত থাক, মাঝখানে ফাঁক।
জুন ২০০৯, ঢাকা।
আপাতত থাক মাঝখানে সামান্য ফাঁক। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: তানভির আলম (সজীব)। সংগীতায়োজন: তানভির আলম (সজীব)। কণ্ঠধারণ: ০৪ আগস্ট ২০১২, ঢাকা।