
BATI NEVAR ONEK PORTE
বাতি নেভার অনেক পরে
আন্ধার ঘরের বাক্স খুলে যায়,
আড়ালকথা সুখের মাথা খায়।
মাশুল দিল পরের দোষে রায়।
শূন্য চোখে দিচ্ছে জবাব সংখ্যা গুনে গুনে
ঢঙের গল্প আগলে রাখে ভীষণ টেনেটুনে,
আহ্লাদে সুখের মাথা খায়।
যাত্রাপথের দুর্ঘটনা বর্ণনাতে ফাঁকা,
কাদামাটির নরম রাস্তা মুচকি হাসে চাকা।
ইশারাতে উঁকি দিয়ে সাহসে বুক বাঁধে
চারাগাছের কচিপাতা বসল তখন কাঁধে,
সাকিন জানা পাকা চুলের বন্ধু পথচারী
পরম প্রিয় বিষয় নিয়ে করছে মারামারি।
আদরিণীর আকর্ষণে করছে খবরদারি।
১০ মার্চ ২০১৩, ঢাকা।
বাতি নেভার অনেক পরে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নওশেন জাহান দুনিয়া। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০৬ সেপ্টেম্বর ২০১৩, ঢাকা।

SHIKHTE HOCHHE
শিখতে হচ্ছে সূক্ষ্ম সুুুখের অনেক গভীর গান
সেটাই বোধ হয় তোমার সাথে সবার শেষে টান!
মরচে ধরা তারের কারণ বন্ধ যোগাযোগ
এটাই বোধ হয় সুযোগ বুঝে অন্ধ উপভোগ।
সাজের ভেতর কিসের আওয়াজ অনেক বেশি বাজে
তুমি তখন ব্যস্ত থাকো এলোমেলো কাজে।
পরিহাসের ঠিকঠিকানা অন্ধ যোগাযোগ,
এমন করেই সুযোগ বুঝে ভালো লাগার রোগ।
অন্ধকারের রাস্তা বুকে দুইটা চোখের দেখা,
রাশিফলের জোনাকিরা দেখছে ভাগ্যলেখা।
যেমন-তেমন বোঝাপড়া সঙ্গে কিছু যোগ,
এটাই বোধ হয় সুযোগ বুঝে একটু প্রেমের রোগ।
২৮ জুন ২০১৩, ঢাকা।
শিখতে হচ্ছে সূক্ষ্ম সুখের অনেক গভীর গান। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নওশেন জাহান দুনিয়া। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ:০৪ অক্টোবর ২০১৪, ঢাকা।

DUKKHOTE DOSHE PAI DOSH
দুঃখতে দশে পায় দশ, সুখ পুষে পায় সাত,
খোলা ঘর দুই হাত।
সামান্য জোছনা কুড়িয়েছে সারা রাত।
কৈফিয়তের চিঠি বারবার ভুল ঠিকানা
মুছে যায় বেখেয়ালে করেনি তো কেউ মানা,
অতঃপরের পরে অনেকটা দূর যত দূর
নিশ্বাস পৌঁছায় আশ্বাস তত ভরপুর।
গোলমেলে যোগাযোগ কিছুতেই হয় না তো যোগ
শিকারের লুকোচুরি তুমি শুধু করো উপভোগ,
সাঁতারের অবসরে ফিরে আসে নিজের ঘরে
মুছে যাওয়া অক্ষর মনে পড়ে অনেক পরে
১৫ মে ২০১৩, ঢাকা।
দুঃখতে দশে পায় দশ, সুখ পুষে পায় সাত। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নওশেন জাহান দুনিয়া।সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০২ জুলাই ২০১৩, ঢাকা।

NOSHTO HOWA BASTOBOTA
নষ্ট হওয়া বাস্তবতা কষ্ট পেয়ে ঝরে গেল
ঝরাপাতা শুকনো চিঠি চিরঘুমের ফুল
পাচ্ছে না তো কূল।
জীবন নামের ছয়টা মানে পাঁচটা অচেনা
একটা যেটা ধারেকাছে অল্প দামে কেনা।
নিরুদ্দেশের অসংখ্য চোখ দেখছে অংশবিশেষ,
হাততালিতে বেশ।
আত্মকথায় নাড়া দিল, আগুন নামের গুণ
অনায়াসে যোগাযোগের চেষ্টাগুলো খুন।
নিমন্ত্রণের কথা ভেবে লিখছে অংশবিশেষ,
ভালো আছি বেশ।
২৮ এপ্রিল ২০১৩, ঢাকা।
নষ্ট হওয়া বাস্তবতা কষ্ট পেয়ে ঝরে গেল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: নওশেন জাহান দুনিয়া।সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ৩০ জুন ২০১৩, ঢাকা।