কত বাতাস লাগে তোমার বেলুন নামের আয়ু!
এক নিমেষে আঁধার হলো আকাশভরা বায়ু!
কালো মেঘের মুচকি হাসি থমকে দিল মন
শেষ গাড়িটার তেল ফুরোতে আর যে কতক্ষণ!
হিসাব করা অঙ্কটাতে মাকড়সাদের বাসা
সেই কারণে সংখ্যাগুলো যত লাগছে ভাসা ভাসা
ভদ্রলোকের ভদ্র কথায় আর ভিজে না কেউ!
এলোমেলো নদীর বুকে আজগুবি সব ঢেউ!
আসা-যাওয়ার গল্পটুকু রান্না যখন শেষ,
খাবার টেবিল লজ্জা পেয়ে হচ্ছে নিরুদ্দেশ।
সুন্দরী সব প্রেমের পাখি ভাঙছে খাঁচার দোর,
ভরা পুকুর আসলে তো লোভের পানি তোর।
১৮ নভেম্বর ২০১৪। সকাল ১০:৫৩:১৬। ঢাকা।