
SHONGSHARE SHONGKOT
সংসারে সংকট সাংঘাতিক!
দেয়ালের টিকটিকি বলে ঠিক ঠিক!
আশ্রমে ঘুরেফিরে সায়
বোকা বোকা দিন চলে যায়।
প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত ভুল,
ছোটখাটো হিসাবের বেপরোয়া মূল।
ঘষামাজা দরজায় রংমাখা দ্বিধা,
বুকে প্রেম জুটলেও মনজুড়ে খিদা।
ছলে-বলে-কৌশলে চলে জোড়াতালি;
পূর্ণতা মনে হয় পুরোটাই খালি!
অনুতাপ বর্ণনা সাথে বসবাস;
উড়ে এসে জুড়ে পাওয়া লুকোচুরি ফাঁস।
সংসারে সংকট খুবই স্বাভাবিক!
দেয়ালের টিকটিকি বলে ঠিক ঠিক!
কৌশলে ঘুরেফিরে সায়
বোকাসোকা ছবিটাতে রায়
০৪ অক্টোবর ২০১২, ঢাকা।
সংসারে সংকট সাংঘাতিক! কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: দিলশাদ নাহার কনা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৮ জানুয়ারি ২০১৪, ঢাকা।

RATRI KROMOSHO
রাত্রি ক্রমশ গভীর হলো
চোখের পুকুর টলোমলো।
ইচ্ছেগুলোর ফাঁসি
এক পা দু’পা নতুন পোশাক-হাসি।
বন্ধ খামের মুখটা খোলা
শক্ত লোহা, হালকা শোলা।
মধুর রেখায় অন্ধকারের টান,
বেসুরো হয় গান।
বিপজ্জনক শিল্পকলা
এগিয়ে যাওয়ার কথা বলা।
তোমার কাঁধে আকাশজুড়ে ঘর
লাগছে তবু সব পর।
৮ জানুয়ারি ২০১১, ঢাকা।
রাত্রি ক্রমশ গভীর হলো। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: দিলশাদ নাহার কনা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০৩ জানুয়ারি ২০১৪, ঢাকা।