
HATER MUTHO ROHOSSHOTE DHAKA
হাতের মুঠো রহস্যতে ঢাকা
হয়তো সবার বুকের ভেতর ফাঁকা।
সন্দেহতে সময় গেল সারা বয়স পার
অবশেষে কুড়িয়ে পাওয়া শুকনো ফুলের হার।
স্বচ্ছ-সরল গল্প যাদের তদন্ততে ভুল
মরচে ধরা মৌমাছি চোখ ফুটিয়ে দিল হুল।
কুড়িয়ে পাওয়া তোমার আমার চিঠির জোড়াতালি
উপচে পড়া সুখের ভেতর বাক্স কেন খালি।
দোকানদারের মনটা খারাপ নাই তো কেনাবেচা
খরচ-খাতায় রঙিন হরফ সবই নাকি দেনা।
নানা রকম চলছে হুকুম মেনে নেয়ায় ফাঁকি
হাতের কলম কপাল পেয়ে করছে আঁকাআঁকি।
৩০ জুন ২০১৩, ঢাকা।
হাতের মুঠো রহস্যতে ঢাকা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: প্রমা। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন।কণ্ঠধারণ: ২৯ জুলাই ২০১৩, ঢাকা।

SHUJOG BUJHE SHORTO DILO
সুযোগ বুঝে শর্ত দিল, গোপন খাতায় অঙ্ক ছিল
কিন্তু কিছুই ফেরত নিল না।
যার কারণে এলোমেলো, তার কথাটাই মনে এল
দিনের শেষে হিসাব দিল না।
বোকা হলেও কায়দা-কানুন মানে,
মাথাপিছু খরচ নাকি জানে।
ধন্যবাদের ব্যস্ত সময় জাদুখেলার ছল,
বিরক্তিতে মুখটা ফেরায় মানুষজনের দল।
কল্পনাতে রঙিন ছবির পরিণত প্রেম
দিনের শেষে ফেরত নিল না।
হয়তো কিছু খেয়াল ছিল না।
মৃত্যুকূপের আবছা ছায়া চেষ্টা করে জানা,
পড়ালেখায় ধারালো মন করছে কেন মানা।
ঘটেছিল কত কিছু বলার মতো সবই
দিনের শেষে ফেরত নিল না।
হয়তো কিছু খেয়াল ছিল না।
২৭ এপ্রিল ২০১৩, ঢাকা।
সুযোগ বুঝে শর্ত দিল, গোপন খাতায় অঙ্ক ছিল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: প্রমা। সংগীতায়োজন: অর্ক সুমন। কণ্ঠধারণ: ২১ জুলাই ২০১৩, ঢাকা।

CHHAYA DEKHE
ছায়া দেখে হচ্ছে মনে হয়তো বেহুলা,
কল্পনাতে লুকিয়ে ছিল জমাট বাঁধা ধুলা।
লখিন্দরের নেশার ফাঁদে আঁচল পুড়ে সাদা,
হরিণ-চোখের বরফ গলে শুকনো মাটি কাদা।
অলিগলির জটিলতায় মৌসুমি ফল কাঁচা,
গভীর ভিতর খুঁজে ফিরে মরণ কিংবা বাঁচা।
উড়ছে হাওয়া সঙ্গে নিয়ে একটু ভয়ে কাতর,
জানলা খুলে সাজিয়ে রাখে লোবান এবং আতর।
বৃক্ষ তখন মহা কষ্টে ডালপালাতে দোলা,
অতিকায় এক কালো মেঘের বুকটা নাকি খোলা।
ঠোঁটের ফাঁকে আসল কথা হায়রে উপবাসী,
বৈঠা ছুঁয়ে মাঝিরে কয় হলাম তোমার দাসী।
২১ জুলাই ২০১৩, ঢাকা।
ছায়া দেখে হচ্ছে মনে হয়তো বেহুলা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: প্রমা। সংগীতায়োজন: সাদউল ইসলাম (সাদ)। কণ্ঠধারণ: ২৬ ডিসেম্বর ২০১৩, ঢাকা।

NISSHASHER NAMTA
নিশ্বাসের নামতা পড়ে,
বিশ্বাস গেল বাড়ি।
দেহবিশেষ পুরাণ সন্ধি হলো ছাড়াছাড়ি।
কার্তিক মাসের পয়লা দিনে,
দর্শনার্থী কয়জন চিনে!
আপন ধাঁচে স্মরণ করে,
বটবৃক্ষের পাতা ঝরে।
নানান ভঙ্গি চমৎকারে
বাঁধল শিকল কে যে কারে!
তিরোধানের শুকনা দিবস,
নদীর চোখে ছানি।
ভক্তকুলের পিপাসাতে কিসের টানাটানি।
জমায়েতের কৃষ্ণচূড়া
রংটা কেন গুঁড়া গুঁড়া!
মোমের পুতুল জ্বলে গলে, চাবি ছাড়াই গাড়ি চলে
নানান ভঙ্গি চমৎকারে
বাঁধল শিকল কে যে কারে!
১৭ অক্টোবর ২০১৩, ঢাকা।
নিশ্বাসের নামতা পড়ে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: প্রমা। সংগীতায়োজন: অটমনাল মুন। কণ্ঠধারণ: ২৮ মে ২০১৪, ঢাকা।