
BOHURUPI CHUPI CHUPI

NUPUE NUPURE HALKA JUDDHO
নূপুরে নূপুরে হালকা যুদ্ধ নাচছে সবার প্রাণ,
বলার চেষ্টা ভীষণ তেষ্টা কাহিনিতে টান।
কেন এমন ভান, ধকল নকল গান!
যোগসূত্রের পুত্র-কন্যা তোমার বাড়ির পাশে,
ধূমকেতু এক বাস্তবতায় হঠাৎ বনবাসে।
কেন এমন ভান, নকল ধকল গান
ঠুনকো ঘরের স্বচ্ছ দেয়াল খেয়াল কবির মন,
ছন্দপতন কিসের কারণ ভাবছে সারাক্ষণ।
কেন এমন ভান, নকল ধকল গান!
১৭ ডিসেম্বর ২০১১, ঢাকা।
নূপুরে নূপুরে হালকা যুদ্ধ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মৈত্রী ইসলাম। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ২ অক্টোবর ২০১২, ঢাকা।

MAA CHARA PROTHOM
মা ছাড়া প্রথম জন্মদিন
তারিখটা সাদামাটা বেশভূষা সাধারণ বড্ড মলিন।
জন্মদিন... বড্ড মলিন...
আকাশটা গম্ভীর মেঘমুখ কালো
মোমবাতি একা একা ছুড়ে দেয় আলো।
যত দূর হাতছানি বিস্ময়ে ফাঁকি
তোমাকে মা মনে মনে বারবার আঁকি।
যুক্তি-তর্ক যত বন্ধু চমক
আঁধারের তারাগুলো দিচ্ছে ধমক।
জাদুকর কথা দিল, দিল সান্ত্বনা
তাকে দেখা স্বপ্নটা ঘরে থেকে যা না।
৫ নভেম্বর ২০১২, ঢাকা।
মা ছাড়া প্রথম জন্মদিন। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মৈত্রী ইসলাম। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২ অক্টোবর ২০১৩, ঢাকা।

GOPON KOTHATA RAKHCHI POCKETE
গোপন কথাটা রাখছি পকেটে, ভয় পেয়ো না
মুখে না বলা সেই কথাটা, ভয় পেয়ো না।
বুঝতে পেরেছি, তুমিও বুঝেছ, ভয় পেয়ো না।
আমার আকাশে তোমার ঘুড্ডি উড়ছে উড়–ক
অন্য সবার বুকগুলো সব পুড়ছে পুড়–ক।
হাতটা বাড়ানো, রাস্তা পেরোনো, ভয় পেয়ো না।
এপারে সকাল ওপারে সন্ধ্যা, ভয় পেয়ো না।
আস্তে আস্তে সিঁড়ির ধাপটা, ভয় পেয়ো না।
বৃষ্টি পড়লে একটু আভাস, ভয় পেয়ো না।
হাতের মুঠোতে তছনছ রেখা, ভয় পেয়ো না।
৩০ জুন ২০১৩, ঢাকা।
গোপন কথাটা রাখছি পকেটে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মৈত্রী ইসলাম। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ০৯ অক্টোবর ২০১৩, ঢাকা।