
BONDHUR TAAN
বন্ধুর টান কিছু মুক্তি, কিছু যুক্তির খেলা
বন্ধুর টান শক্ত-নরম আবেগের যত ঠ্যালা।
এখন বন্ধু বলে দাও তুমি মন খারাপের কারণ,
অথবা বলো তো আড়াল থেকে করছে কে কে বারণ।
কিছু উল্লাস কিছু দুঃখ সমীকরণের সম্বল,
কাঠফাটা রোদে উপহার দিল পশমে জড়ানো কম্বল।
প্রশ্নের পাখি আড্ডার ফাঁকে উড়ছে আকাশে চিল,
বিনা কারণে বিচার বসিয়ে ছুড়ছে আস্ত ঢিল।
আসল বন্ধু, নকল বন্ধু মধ্যেখানের ফাঁক,
স্বচ্ছ-সরল মানুষ কখনো করছে না রাখঢাক।
কিছু বিজ্ঞান কিছু সাধারণ আসলে সবটা ধারণা,
এখন দেখছি সবাই একলা বন্ধু কেউ তো কারো না।
২০ জুলাই ২০১২, ঢাকা।
বন্ধুর টান কিছু মুক্তি, কিছু যুক্তির খেলা। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মাহাদী। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২০ জুলাই ২০১৩, ঢাকা।

SHOTTO MITHYA
সত্য-মিথ্যা জটিল খেয়ালে, দেয়ালে;
পড়ে আছে চেনা কঙ্কাল, তাই আসছে না সকাল।
রাগ করে দূরে বসে চাইছে আড়ি,
সে যাবে না বাড়ি।
তাই হাসছে না সকাল, তাই আসছে সকাল।
ভালো লাগা খারাপের ব্যস্ত শরীর রেখে ঢেকে,
সরাসরি ভালোবাসা যাচ্ছে এঁকেবেঁকে।
রাত্রির গল্পটা ফ্যাকাশে আঁধার কিছু আলো
অন্ধকারের সুখ ভেঙে যাওয়া ছবিটা অল্প কালো।
রাখছে না কোনো কিছু সে কারণে অনুতাপ
মনে হয় জটিলতা উড়ে এসে জুড়ে বসে খায়নি তো খাপ।
হতাহত সময়ের ভাগ্যলিখন যায় ভুলে,
সমস্যা তালিকায় কোনটা আছে কার মূলে।
সত্য-মিথ্যা জটিল খেয়ালে, দেয়ালে;
পড়ে আছে চেনা কঙ্কাল, তাই আসছে না সকাল।
২৫ মে ২০১৩, ঢাকা।
সত্য-মিথ্যা জটিল খেয়ালে, দেয়ালে। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: মাহাদী। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ৩০ জুলাই ২০১৩, ঢাকা।