
BORSHAR GOLPOTE
বর্ষার গল্পতে তোর চোখে কেন জল
বল বল সবটুকু বল না রে খুলে বল।
উপন্যাসের ভূমিকায়,
আয় আয়, দ্বিধা ফেলে কাছে আয়।
কার কাছে কত ঋণ;
কাহিনিতে লেখা এলোমেলো শত দিন।
ধূসর কাগজ অভিমানে, নীল চিঠি হয়ে উড়ে যায়
বন্ধ খামের বিছানায়।
বায়নাতে উঠে দাম
অলিগলি ঘুরে প্রতিবেশী ধুমধাম।
কানামাছির অভিযানে, শুকনো নদীর কিনারায়
বন্ধ চোখের ইশারায়।
১৪ মার্চ ২০০৯, ঢাকা।
বর্ষার গল্পতে তোর চোখে কেন জল। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শমনুর মনির কোনাল। সংগীতায়োজন: নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। কণ্ঠধারণ: ০৯ ফেব্র“য়ারি ২০১৪, ঢাকা।

HIMGHORE AYNA KICHU DEKHA JAYNA
হিমঘরে আয়না কিছু দেখা যায় না,
ভুল বানানের চিঠি উড়ে যায়, পায় না।
শিকারির পায়চারি শব্দটা নিরুপায় গান গায়
শেষরাত স্বপ্নটা কুয়াশার কাঁধ ছুঁয়ে চলে যায়...
সত্যিকারের বই এক পাতা দুই পাতা টানটান গল্পের ছল,
মুখোমুখি কিছু ছায়া আড্ডা আসর চায় কথা বল।
রাশি রাশি জোনাকি সঙ্গিনী মেঘগুলো খেলছে
ইচ্ছের কিছু পাতা কানামাছি হয়ে ডানা মেলছে।
মিথ্যে কথার বুক গন্ধ খুঁজে রোজ কাছে আনা যতটুকু স্বাদ,
বিয়োগের ব্যথা কাঁধে হাসিমুখে সবটুকু খোলা ছাদ।
নির্জীব নকশায় কারুকাজ সান্তনা ধ্বংসের
কান্নার নদী তাই থেমে যাওয়া কাহিনিটা অংশের।
০৮ জুন ২০১২, ঢাকা।
হিমঘরে আয়না কিছু দেখা যায় না। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: শমনুর মনির কোনাল। সংগীতায়োজন: শায়েখউদ্দীন (শান)। কণ্ঠধারণ: ১২ জুলাই ২০১৩, ঢাকা।

VIRER VETOR
ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া সেই মুখ,
হঠাৎ করে চিনতে পারার কিছু সুখ।
সেই মুখটার বন্ধ করা ফাঁকা বুক।
পিপাসার রসিকতা যুক্তিতে ভালো থাকা,
নিরামিষ ডাক শুনে চারপাশ ফাঁকা ফাঁকা।
আপাতত পরিহাস সামলানো সুখ।
পরিচয় লুকোনোর ব্যাকরণ শুনে না শোনা,
মুহূর্ত আমাদের মনে পড়ে হাতেগোনা।
আপাতত সান্ত্বনা মোড়কের মুখ।
৩০ জুন ২০১৩, ঢাকা।
ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া সেই মুখ। কথা + সুর: এনামুল করিম নির্ঝর। শিল্পী: এলিটা করিম। সংগীতায়োজন: রেজাউল করিম লিমন। কণ্ঠধারণ: ২৭ জুলাই ২০১৩, ঢাকা।